রাবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণার্থী ও তাদের অভিভাবকদের আবাসনসহ অন্যান্য সুবিধা সহজ করার যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জানা গেছে, কমপক্ষে ৭০ ভাগ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসন, খাবার, যাতায়াত ও নিরাপত্তার সুষ্ঠু ব্যবস্থাপনা করতে চায় প্রশাসন। এজন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান    লিটনের আহ্বানে প্রস্তুতি সভা গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। রাসিক মেয়রের সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত               সভায় রাবিসহ রাজশাহীর বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, এই প্রথমবারের মতো রাবির হলসমূহ বন্ধ থাকা অবস্থায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে আমাদের অনেক কিছুই মেনে চলতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকায় আবাসন সংকট দেখা দিতে পারে। সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের রাখার জন্য মহানগরীর বিভিন্ন ছাত্রাবাস, আবাসিক হোটেল, বিভিন্ন সরকারি রেস্ট হাউজ, গেস্ট হাউজ ইত্যাদি এবং এরপরও যদি প্রয়োজন হয়, তবে বিকল্প কিছু ব্যবস্থা আমরা রেখেছি। এসবে অন্তত ৭০ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে। বাকিরা তাদের আত্মীয়স্বজনদের বাসাবাড়িতে থাকবেন। তিনি আরো বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যাতায়াতের জন্য বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাবির বাসগুলো শহরে চলাচল করবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য রাজশাহী অভিমুখী সব ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে থামানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের খাবারের জন্য স্বনামধন্য হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের মাধ্যমে ক্যাম্পাসে খাবারের ব্যবস্থা করা হবে। যাতে খাবারের কোনো সংকট না হয় এবং চাহিদামতো সবাই খাবার কিনে খেতে পারেন।