জয়পুরহাট সদরের জামালপুর ইউনিয়নের শুকতাহার এলাকায় শুক্রবার গভীর রাতে দুইটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম লাল বাবু। তার বাবার নাম করিম মন্ডল। শনিবার সকালে জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সঙ্গে ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে শুকতাহার এলাকার মধ্যপাড়া ও সূর্যবান সার্বজনিন দুর্গা মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। এ অবস্থায় শুক্রবার গভীর রাতে ঐ এলাকার মন্দির দুটিতে কে বা কারা প্রবেশ করে নবনির্মিত কয়েকটি প্রতিমা ভাঙচুর করে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, এ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ একই এলাকার করিম মন্ডলের ছেলে লাল বাবুকে আটক করেছে।
