ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৯

বান্দরবানের রুমা উপজেলায় এক শিক্ষার্থীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রুমা জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক সমর কান্তি দত্ত (৫৬) কে পুলিশ  গ্রেফতার করেছে। শুক্রবার রাতে রুমা বাজার এলাকা থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। গতকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত সমর কান্তি দত্তকে জেলহাজতে প্রেরণ করে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায়।

  মামলার এজাহার সূত্রে জানা যায়, ঐ ছাত্রী ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় ফেল করে। এরপর সে শিক্ষক সমর কান্তি দত্তের কাছে  প্রাইভেট পড়া শুরু করে। এক দিন প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেন। মেয়েটি লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। কিন্তু সমর কান্তি দত্ত বিভিন্ন সময় বিয়ের কথা বলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। গত বুধবার ভিডিওচিত্রটি মেয়েটির মুঠোফোনে পাঠান অভিযুক্ত শিক্ষক। মেয়েটি ঘটনা তার পরিবারকে খুলে বলে। এ ঘটনায় ঐ ছাত্রীর বড় বোন রাতে রুমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।