স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, খুব স্বল্প সময়ের মধ্যে পালটে যাবে বরিশালের স্বাস্থ্য সেবার দৃশ্যপট। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে অক্সিজেন ক্রয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে। এবার হাসপাতালেই উত্পাদন করা হবে অক্সিজেন। এতে অক্সিজেন সংকটে আর কোনো রোগীর চিকিত্সাসেবা বন্ধ থাকবে না। ঘটবে না করুণ মৃত্যুর ঘটনা। এমনকি ঠিকাদার প্রতিষ্ঠানের সিন্ডিকেট থেকেও মুক্তি পাবে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বছরের মধ্যেই হাসপাতালে অক্সিজেন উত্পাদনের ব্যবস্থা গ্রহণসহ রোগীদের মধ্যে সরবারহ করার কার্যক্রমও শুরু করা হবে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়মে সমন্বিত কোভিড ব্যবস্থাপনা বরিশাল মডেল বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন।
বরিশাল বিভাগীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, উপ মহাপুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এম ডি আব্দুস সালাম, ইউনিসেফ বাংলাদেশের চিফ, হেলথ সেকশন সান জানা ভার্দওয়াজ প্রমুখ। স্বাস্থ্যসচিব শুক্রবার সকালে তিন দিনের সরকারি সফরে নিজ জেলা বরিশালে আসেন। সফরের শেষ দিন আজ রবিবার তার পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে।
