মেঘনায় ধরা পড়ল সোয়া দুই কেজির ইলিশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩

মেঘনা নদীতে জেলেদের জালে এবার ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ‘রাজা ইলিশ’। পরে মাছটি ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মত্স্যঘাটে আনলে মানুষ একনজর দেখার জন্য ভিড় জমায়।

মত্স্যঘাটের আড়ত ম্যানেজার মো. নাছিম জানান, শনিবার ভোরে সদরের কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার মেঘনা নদীতে মো. করিম মাঝির জালে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটিও ধরা পড়ে। পরে তিনি আড়তে নিয়ে এসে ডাকের মাধ্যমে বিক্রি করলে আমার সহযোগী মো. আল আমিন ৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেয়। পরে মাছটি বরিশাল আড়তে বিক্রির জন্য পাঠানো হয়।

ভোলা জেলা মত্স্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে অনেক বড় বড় ইলিশ নদীতে ডিম ছাড়তে আসছে।  যে কারণে জেলেদের জালে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।