রপ্তানির খবরে ইলিশের দাম চড়া, সরবরাহও কম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩

খুলনায় ভরা মৌসুমেও বাজারে ইলিশের সরবরাহ কম। ফলে গত বছরের তুলনায় এবার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। দাম বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে মাছের ‘রাজা’ ইলিশ। এদিকে ইলিশের দাম বৃদ্ধির কারণ হিসাবে রপ্তানিকে দায়ী করেছেন খুলনার কয়েকটি বাজারের মাছ ব্যবসায়ীরা।

খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৭০০ টাকা, ৭০০ গ্রাম সাইজের ইলিশ ৮০০ টাকা ও এক কেজি সাইজের ইলিশ ১ হাজার ৩০০ টাকা থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের মাছ বিক্রেতা তারক দেবনাথ জানান, রপ্তানির কারণে ইলিশের দাম বেড়ে গেছে। গত বৃহস্পতিবার মোকাম থেকে ৮০০ থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ ৫০ হাজার টাকায় একমণ কিনেছেন তিনি। যা গত বছরের তুলনায় অনেক বেশি। দাম শুনে অনেকেই ইলিশ মাছ কিনতে চাচ্ছে না। তিনি বলেন, মোকাম থেকে রপ্তানিকারকরা উচ্চমূল্যে ইলিশ কিনছেন। দুদিন আগেও ইলিশের দাম কিছুটা কম ছিল। কিন্তু প্রতিবেশী দেশে ইলিশ রপ্তানির খবরে বাজার আবারও চড়া।

নগরীর সন্ধ্যা বাজারের ইলিশ ব্যবসায়ী মো. ওমর ফারুক জানান, এবার ইলিশের সরবরাহ অনেক কম। তারপরে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। রপ্তানিকারক প্রতিষ্ঠানের সদস্যরা মোকাম থেকে বেশি দামে ইলিশ মাছ কিনছে। যে কারণে তাকেও বেশি দামে ইলিশ কিনতে হয়েছে। গত বছরে এ সময়ে ইলিশ মাছের আমদানি অনেক বেশি ছিল, দামও ছিল কম। ওই সময়ে ধনী-গরীব সকলে ইলিশ মাছ কিনে খেয়েছিল, কিন্তু এ বছর চিত্র ভিন্ন। অনেকে ইলিশ দেখে ফিরে যাচ্ছেন।

সন্ধ্যা বাজারের ইলিশ মাছ ক্রেতা আবু শাহাদাত্ রনি জানান, বাজারে এসেছিলেন ইলিশ মাছ কিনতে। কিন্তু ইলিশের দাম শুনে হতাশ তিনি। বললেন, গত বছর ৫০০ গ্রাম সাইজের ইলিশ কিনেছিলেন ৪০০ টাকায়, এবার সেই সাইজের ইলিশ প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তাই ইলিশ না কিনে অন্য মাছ কিনেছেন তিনি।

সন্ধ্যা বাজারের আরেক ব্যবসায়ী রুহুল আমিন ইলিশ মাছ রপ্তানিকে দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে জানান। তিনি বলেন, বেচাকেনা তেমন একটা ভালো নয়। গত বছরের থেকে এবার মাছের সরবরাহ পাঁচ ভাগের একভাগ। এরপর যদি বিদেশে ইলিশ মাছ রপ্তানি হয় তাহলে এদেশের মানুষ কী খাবে- এ প্রশ্ন করেন তিনি।