অবশেষে চাকরিচ্যুত সেই বিতর্কিত এসআই লাভলী ফেরদৌসী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪

অবশেষে চাকরিচ্যুত হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার থেকে ফেনিতে বদলি হওয়া বিতর্কিত এসআই লাভলী ফেরদৌসী। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এ শাস্তির মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পিবিআই ফেনী জেলার তত্ত্বাবধায়ক (এসপি) আসাদুজ্জামান নিশ্চিত করেছেন এসআই লাভলী তার অফিসে সংযুক্ত হলেও চাকরিচ্যুত।

সূত্র জানায়, ২০১৫ সালে পুলিশ কর্মকর্তা স্বামীর সংসারের ইতি ঘটিয়ে পরকীয়া প্রেমিক কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি কাইম্মারঘোনা এলাকার শাহজাহানকে বিয়ে করেন এসআই লাভলী ফেরদৌসী। আগের স্বামীর দুই সন্তান, দ্বিতীয় স্বামী ও এক সন্তানসহ পাঁচ জনের সংসারের ঘানি টানতে শুরু করেন তিনি। তাছাড়া দ্বিতীয় স্বামী বেকার হওয়ায় স্বামীর হাতখরচও জোগান দিতে হয় তাকে। ফলে সরকারি বেতনে সংসারের ব্যয় পুষিয়ে উঠতে না পেরে পুলিশ রুলের পরিপন্থি কাজে পা বাড়ান এসআই লাভলী। জড়িয়ে পড়েন অনিয়ম আর দুর্নীতিতে। বিশেষ করে মামলা তদন্তে স্বামীকে সঙ্গে নেওয়া, স্বামীকে দিয়ে অনৈতিক সুবিধা হাতিয়ে মামলার প্রতিবেদনে নয়ছয় করা, ক্ষমতার অপপ্রয়োগ, অর্থ আত্মসাত্সহ নানা অপরাধের সঙ্গে তার নাম জড়িয়ে যায়।

একটি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বাদী পক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার অডিও ফাঁস হয় সম্প্রতি। যেখানে ঘুষ হিসেবে দেওয়া টাকার পরিমাণ নিয়ে অসন্তুোষ প্রকাশ করেন এসআই লাভলী ফেরদৌসী ও তার স্বামী শাহজাহান। অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে নড়েচড়ে বসে পিবিআই কর্তৃপক্ষ।