জাতিসংঘ অধিবেশনে ঐতিহাসিক মাইলফলক স্পর্শকারী ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০৬

জাতিসংঘের ৭৬তম অধিবেশনে ঐতিহাসিক মাইলফলক স্পর্শকারী ৬-দফা প্রস্তাবনা সংবলিত কালজয়ী ভাষণ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি। গতকাল শনিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সভায় জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণে বিশ্বের পিছিয়ে পড়া মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ লাভ এবং বিশ্বসভায় ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ হিসেবে আখ্যায়িত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম। মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির সঞ্চালনায় সভায় মাহবুব উদ্দিন বীরবিক্রমসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় মো. রশিদুল আলম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। স্বাধীনতা সংগ্রামের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাভিত্তিক উপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাঙালি জাতির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সংস্কৃতিকে অক্ষুণ্ন রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনই হলো বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির রক্ষা কবচ। বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে।