মানুষের হূদয় ও মন টাকা দিয়ে কেনা যায় না ------------আইজিপি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১০

থানার ওসি চাইলেই হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারেন— এ মন্তব্য করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, মানুষের জন্য কাজ করে তাদের হূদয় ও মন জয় করা যায়। এটা টাকা দিয়ে কেনা যায় না। গতকাল শনিবার  ঢাকা রেঞ্জের গত আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সর্বদা সমাজের পরিবর্তনশীল চাহিদার প্রতি লক্ষ রেখে পুলিশিং কার্যক্রম চালু রাখতে আইজিপি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। বিট পুলিশিংকে পুলিশিংয়ের একটি কার্যকর পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে পুলিশপ্রধান বলেন, বঙ্গবন্ধু প্রতিটি ইউনিয়নে থানা করার যে স্বপ্ন দেখেছিলেন, মূলত বিট পুলিশং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ড. বেনজীর বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে ঘোষণা করেছিলেন, প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে প্রতিটি ইউনিয়নে অপরাধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশং কার্যকর অবদান রাখতে পারে। জনগণের মধ্যে বিট পুলিশিং কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। আইজিপি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, কোনো পুলিশ সদস্য যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে তা বন্ধ করতে হবে। পুলিশে কোনো অপরাধীর জায়গা নেই। আমরা যতই ভালো কাজ করি না কেন, একটি খারাপ কাজ সব অর্জন নষ্ট করে দেয়। ঢাকা রেঞ্জের বিভিন্ন ইনোভেশন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পুলিশপ্রধান অন্যান্য ইউনিটেও এ ধরনের ইনোভেশন চর্চার ওপর গুরুত্বারোপ করেন। মাদারীপুর জেলা পুলিশ আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনার এ সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ রেঞ্জের অধীন সব  জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।