শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো ল্যাবে যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। গতকাল শনিবার রাতে বিমানবন্দরে অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সিভিল অ্যাভিয়েশন এয়ারলাইনসগুলোর সঙ্গে কথা বলে ফ্লাইট শিডিউল ঠিক করলেই টেস্ট করে যেতে পারবেন দুবাই যাত্রীরা।
গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল টিম কর্তৃক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ভেতরে বসানো ল্যাবগুলো পরীক্ষা করার পর এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। ৪৮ ঘণ্টা আগে একবার করোনা নেগেটিভ রেজাল্ট সাপেক্ষে যাত্রীরা দ্বিতীয় বারের মতো বিমানবন্দরে করোনা পরীক্ষা করাবেন। আরটিপিসিআর ও র্যাপিড পিসিআর দুই সুবিধাই পাবেন যাত্রীরা। যারা ছয় ঘণ্টা হাতে সময় নিয়ে আসবেন তারা আরটিপিসিআর ও যারা কম সময় নিয়ে আসবেন তারা পয়েন্ট অব কেয়ারে ১৫-২০ মিনিটে রিপোর্ট নিতে পারবেন। এছাড়া পরীক্ষার ফি ২ হাজার টাকার নিচে সব প্রতিষ্ঠান একই মূল্যে পরীক্ষা করবে। ১০টি বুথের মাধ্যমে ১২টি আরটিপিসিআর ল্যাবে প্রতি তিন ঘণ্টায় ১ হাজার ৪৫২ জন পরীক্ষা করতে পারবে। এক্ষেত্রে বিমানবন্দরে রেজিস্ট্রেশন করতে আগের নেগেটিভ রেজাল্ট ফরম স্ক্যান করলেই অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। পরীক্ষা শেষ হলে নমুনা দেওয়ার স্থানেই মিলবে রিপোর্ট।
