শাহীন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে মামলা করায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের সর্বোচ্চ ফোরাম সাধারণ পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে ও নিন্দা জানায়। একই সঙ্গে দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করারও দাবি করা হয়। গতকাল শনিবার অনলাইনে অনুষ্ঠিত ২০তম সাধারণ সভায় মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে কার্যনির্বাহী কমিটির সভাপ্রধান শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপ্রধানত্বে সভায় সদস্যগণ অংশগ্রহণ করেন।

সভায় বলা হয়, ধর্মভিত্তিক পারিবারিক আইন বৈষম্যপূর্ণ, কাজেই বৈষম্য দূর করতে হলে এই আইনের পরিবর্তন হওয়া অত্যাবশ্যক। সে কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নারী, মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো সব ধর্মের ধর্মভিত্তিক পারিবারিক আইন পরিবর্তন করে সর্বজনীন পারিবারিক আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে। এর সঙ্গে সম্পত্তি ও সম্পদে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্য ছাড়া আর কোনো কিছুর সম্পর্ক নেই। নেতৃবৃন্দ বলেন, পুরুষতান্ত্রিকতায় আচ্ছন্ন বাংলাদেশের হিন্দুসমাজের রক্ষণশীল অংশ নিজেদের স্বার্থ বিঘ্নিত হবার শঙ্কায় নারী ও মানবাধিকার আন্দোলনে আমাদের দীর্ঘদিনের সহযাত্রী শাহীন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে মামলা করেছে। রক্ষণশীলদের এই অবস্থানকে বিএনপিএস নেতৃবৃন্দ বাংলাদেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অবস্থান বলে অভিহিত করেন।