২৭-২৮ সেপ্টেম্বর কর্মবিরতির হুঁশিয়ারি ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

উত্থাপিত ১০ দফা দাবি আদায় না হলে সারাদেশে ২৭ ও ২৮ সেপ্টেম্বর টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, ট্যাংক-লরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক জনসমাবেশে এ হুঁশিয়ারি দেন পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল্ল্যাহ চৌধুরী শাহিন, ঐক্যপরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম, ঢাকা জেলা ট্রাক ট্যাংক-লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবদীন, সাধারণ সম্পাদক মো. আব্দুল জাব্বার প্রমুখ।

পরিষদের দাবির মধ্যে রয়েছে—ট্রাকচালক লিটন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।  ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে লাইসেন্স প্রদান করতে হবে। পণ্য পরিবহনের সময় মালামাল চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বর্ধিত আয়কর প্রত্যাহার করে করোনাকালে আগের মতো জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিতে হবে। সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি, মাসিক মাসোহারা বন্ধ করতে হবে এবং মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নির্দেশিকা অনুযায়ী পরিচালন ব্যয় আদায় করার সুযোগ দিতে হবে।