করোনা ভাইরাস

দৈনিক শনাক্ত হাজারের নিচে নামল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

দেশে করোনা ভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজারের নিচে নেমেছে। যা গত ১৭ মের পর সবচেয়ে কম। ঐ দিন ৬৯৮ জন রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, গত এক দিনে ৮১৮ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১। গত এক দিনে সারা দেশে ১৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ, তার আগের দিন ছিল ৪ দশমিক ৬১ শতাংশ। দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার গত মঙ্গলবার ৫ শতাংশের নিচে নেমে আসে।

গত এক দিনে মারা গেছে ২৫ জন। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৩৯৩। গত এক দিনে সেরে উঠেছে ৯৬৫ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। এই হিসাবে দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা মাত্র ১২ হাজার ৮১১। অর্থাত্ দেশে এখন এই সংখ্যক মানুষ করোনা ভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৫ লাখ ৯৬ হাজার ৯২৯টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৫ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। গত এক দিনে ঢাকা ছাড়া কোনো জেলায় অর্ধ শতাধিক রোগী শনাক্ত হয়নি। ঢাকার পরে বেশি রোগী শনাক্ত হয় চট্টগ্রামে (৪৬) ও কক্সবাজারে (৩৮)।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, তার ছয় জনই ঢাকা জেলার। এছাড়া চট্টগ্রাম বিভাগে ছয় জন, খুলনা বিভাগে চার জন, সিলেট বিভাগে দুই জন এবং রংপুর বিভাগে দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ, ১১ জন নারী। ১৯ জন সরকারি হাসপাতালে এবং ছয় জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।