ট্রেনে পাথর নিক্ষেপ: গুরুতর আহত বশেমুরবিপ্রবি ছাত্রী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তামান্না তন্নী নামের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় ট্রেনটি বোয়ালমারী স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর দুর্বৃত্তদের ছোড়া একটি পাথর ঐ শিক্ষার্থীর মাথায় আঘাত করে। আহত শিক্ষার্থী তামান্না তন্নী রাজশাহী থেকে গোপালগঞ্জে আসছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম উজ্জ্বল বলেন, বোয়ালমারী রেলওয়ে স্টেশন পার হওয়ার পর তামান্না হঠাৎ মাথায় হাত দিয়ে চিৎকার করে ওঠে। আমরা চিৎকার শুনে তার কাছে যাই এবং মাথায় হাত দিয়ে দেখি প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষণিকভাবে ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার খান বলেন, রোগীর মাথার ডান পাশে আঘাত পেয়েছেন এবং ফুলে গেছে। রোগীর অবস্থা এখনই বলা সম্ভব নয়। সিটি স্ক্যান করলে বোঝা যাবে ব্রেইনে কোনো ধরনের আঘাত পেয়েছে কিনা। আপাতত তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান বলেন, আহত শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

ইত্তেফাক/এমআর