রংপুরে একদিনের ব্যবধানে দুই শিশু ধর্ষণ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮

রংপুরে একদিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এতে এক বৃদ্ধ গ্রেফতার হলেও এখনো পলাতক রয়েছে এক যুবক। ঘটনা দুটি ঘটেছে রংপুর মহানগর ও বদরগঞ্জ এলাকায়। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানায় ধর্ষণচেষ্টার একটি মামলা হয়েছে।

সোমবার সকালে রংপুর মহানগরীর ধাপ লালকুঠি থেকে ষাট বছরের বৃদ্ধ দুলাল মহন্তকে আটক করে পুলিশ। ওই বৃদ্ধের বিরুদ্ধে এগারো বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি রেজাউল করিম। তিনি বলেন, 'এক শিশুকে ধর্ষণ চেষ্টা করায় দুলাল মহন্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টা করায় একটি মামলা হয়েছে। 

অন্যদিকে বাসায় টেলিভিশনে সিনেমা দেখতে আসা এক যুবকের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ধর্ষক রঘু লাল আত্মগোপনে গেছেন। 

রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুন্নেসা গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।'

শিশুটির মা সুন্দরী রাণী জানান, 'কুতুবপুর ইউনিয়নের অরুন্নেসা এলাকার মুচি রাজ মোহনের ছেলে রঘু লাল (২৩) প্রতিদিনের মত শনিবারও বাসায় টেলিভিশনে সিনেমা দেখতে আসেন। এ সময় আমার মেয়ে বিছানায় ঘুমানো অবস্থায় ছিল। আমি বাড়ির পাশের দোকানে গেলে হঠাৎ মেয়ের চিৎকার শুনতে পাই। দৌড়ে এসে দেখি রঘু লাল মেয়েকে ধর্ষণ করে পালিয়ে গেছে।'

এ ব্যাপারে কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান দুলু জানান, 'আমি জানতে পেরেছি। কিন্তু বিচার করার ক্ষমতা তো আমার নেই। তবে আমি মেয়ের অভিভাবক শ্রী হুফ লালকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি।'

আরও পড়ুনঃ নাইক্ষ্যংছড়িতে অগ্নিদগ্ধে নারীর মৃত্যু

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, 'আমরা ধর্ষণের ঘটনা জানতে পেরেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। আমরা তার বাসায় খোঁজ নিয়েছে।  অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে।'

ইত্তেফাক/নূহু