নিখোঁজের পাঁচ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৩

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে পাঁচ দিন আগে নিখোঁজ হয়েছিল। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম ফিরোজ মিয়া ফ্রেস (২২)। তিনি ওই ইউনিয়নের কাবিলা পাড়াগ্রামের আমির উদ্দিনের ছেলে।

সোমবার সকালে নিজ বাড়ির আধা কিলোমিটার দূরে উপজেলার কান্দি ইউনিয়নে নির্মাণাধীন গুচ্ছগ্রাম থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে ফিরোজ মিয়ার কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে শনিবার (৯ ফেব্রুয়ারি) পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা আমির উদ্দিন। এ ঘটনার পাঁচ দিনের মাথায় নির্মাণাধীন একটি গুচ্ছগ্রামে মাটিচাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে ফিরোজের পরিবার সেটি শনাক্ত করে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটককৃত চার যুবকরা হলেন, উপজেলার কাবিলাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে টিপু (২৬), মৃত আওয়াল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫), মতিল চৌকিদারের ছেলে সুলতান হোসেন ও পাশ্ববর্তী দোয়ানীগ্রামের নুর মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম (২৪)। ঘটনার দিন কান্দি বাজারের একটি চায়ের দোকানে ফিরোজের সঙ্গে আটক হওয়া ওই যুবকরা এক সঙ্গে ছিলেন বলে জানান এলাকাবাসী।

নিহতের ফিরোজের বাবা আমির উদ্দিন জানান, 'আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে নিখোঁজের দিন তার সঙ্গে লক্ষাধিক টাকা ছিল। ওই টাকা হাতিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।'

আরও পড়ুনঃ রংপুরে একদিনের ব্যবধানে দুই শিশু ধর্ষণ

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, 'পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।'

ইত্তেফাক/নূহু