গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০৮ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
রবিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৪টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৯৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ও শেরপুরের একজন করে রয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৮৩৫ জন।
ইত্তেফাক/এসজেড
