পাঁচ মাসেও খোঁজ মেলেনি দুই যুবকের  

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭

নিখোঁজ হওয়ার পাঁচ মাস পরও সন্ধান মেলেনি ঢাকার দোহার উপজেলার ঘাটা গ্রামের সাইদুল মৃধা ও সোহেলের। এ ঘটনায় নিখোঁজ সাইদুলের মা বাদী হয়ে  গত ৫ সেপ্টেম্বর দুই জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করেছেন। দোহার থানার উপ-পরিদর্শক আল-নুর তারেক এই তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ সাইদুল মৃধার মা রেজিয়া বেগম বলেন, সাইদুল ও সোহেল উপজেলার সুতারপাড়া এলাকার চঞ্চল মোল্লার কাছে কাজ চেয়েছিল। গত ২০ এপ্রিল সকালে প্রতিবেশী সোহেল এসে সাইদুলকে জানায়, চঞ্চল মোল্লার সহযোগী সাজ্জাদ মোল্লা তাদের এখনই দেখা করতে বলেছেন। এরপর দুই বন্ধু একসঙ্গে বের হয়ে যায়। সেদিন সন্ধ্যা ৭টার দিকে সাইদুল মোবাইলে জানায়, সে ও সোহেল মাওয়া আছে। রাতে ফিরবে না। সকালে বাসায় আসবে। এরপর আর সাইদুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  এরপর কেটে গেছে পাঁচ মাস। এখনো হদিস মেলেনি সাইদুল ও সোহেলের।  

সাইদুলের মা আরও বলেন, ছেলেকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ২৩ এপ্রিল দোহার থানায় জিডি করি। এরপর উপজেলার সুতারপাড়ার সাজ্জাত মোল্লা ও চঞ্চল মোল্লার বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।  

এদিকে, মামলার পরও হলেও এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই বিষয়ে দোহার থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আল-নুর তারেক জানান, জিডি হওয়ার পর থেকেই অভিযুক্ত সাজ্জাদ মোল্লা ও অন্য আসামি পলাতক। আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ইত্তেফাক/এএএম