সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যানের ঋণ জালিয়াতির ঘটনার অনুসন্ধানে প্রতিষ্ঠানটির সাবেক এমডিসহ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজন হলে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনকেও ডাকা হবে বলে জানিয়েছেন দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে দুদক সচিব এসব কথা বলেন।
দুদক সচিব বলেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির সাবেক এমডি মো. রফিকুল ইসলামসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরই মধ্যে ব্যাংকটির প্রয়োজনীয় রেকর্ডপত্র ও বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখার (বিএফআইইউ) প্রতিবেদনও সংগ্রহ করা হয়েছে। দ্রুত এ অনুসন্ধান শেষ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, ব্যাংকটির সাবেক এমডি মো. রফিকুল ইসলাম, এমটিও তপু কুমার সাহা, সিনিয়র অফিসার বিদ্যুৎ কুমার মণ্ডল, এফএভিপি ও অপারেশন ম্যানেজার মোহা. মঞ্জুরুল আলম, ভিপি ও শাখা প্রধান এসএম ইকবাল মেহেদী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার খালেদ মোশারফ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউল লতিফ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী।
দুদক সূত্র জানায়, আমজাদ হোসেনের বিরুদ্ধে এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে থেকে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রযেছে। এছাড়া তার নিজ প্রতিষ্ঠান ও কর্মচারীদের নামে ৪০ কোটি টাকা আত্মসাতের তথ্য-উপাত্ত পেয়েছে দুদকের অনুসন্ধান টিম।
ইত্তেফাক/ইউবি
