ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে, দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।
গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার মাধ্যমে।
কিন্তু দুপুর ১২টার পর থেকে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে দিনের লেনদেন শেষে ঋণাত্মক হয়ে পড়ে সবকটি সূচক। লেনদেন শেষে দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে ১১৩টি। বিপরীতে কমেছে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ৭ হাজার ২৩৭ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে।
তথ্যে দেখা গেছে, দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ২৫৭ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪০৪ কোটি ৮৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৪২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৯৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—শাহাজিবাজার পাওয়ার, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, বেক্সিমকো ফার্মা, জিনেক্স ইনফোসিস, ম্যাকসন স্পিনিং, অ্যাক্টিভ ফাইন এবং এসএস স্টিল।
