গ্লোবাল ইনসিওরেন্সের মুনাফায় গরমিল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইনসিওরেন্সের আর্থিক হিসাবে মুনাফা নিয়ে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। আর এই ভুল তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানির প্রোফাইলে প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্লোবাল ইনসিওরেন্সের কর্তৃপক্ষ চলতি বছরের প্রথম দুটি প্রান্তিকের যে পৃথক আর্থিক হিসাব প্রদান করেছে, তার যোগফল কোম্পানিরই প্রদত্ত দুই প্রান্তিকের মোট হিসাবের সঙ্গে মিলছে না। যে কারণে উক্ত হিসাবকে ডিএসই কর্তৃপক্ষ ভুল হিসেবে ‘লাল’ চিহ্নিত করে রেখেছেন। দেখা গেছে, গ্লোবাল ইনসিওরেন্স কর্তৃপক্ষ ২০২১ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা দেখিয়েছেন ৬ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৫৭ লাখ টাকা দেখিয়েছেন। এ হিসাবে দুই প্রান্তিকের যোগফল হয় ৬ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ দুই প্রান্তিকের মোট হিসাবে ৪ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা দেখিয়েছেন। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ একক হিসেবে তুলনায় মোট হিসাবে ২ কোটি ১ লাখ টাকার মুনাফা কম দেখিয়েছেন। আর এই হিসাবকেই ডিএসই কর্তৃপক্ষ ‘লাল’ চিহ্নিত করে রেখেছেন। একইভাবে কোম্পানি কর্তৃপক্ষ টার্নওভার বা আয়ের ক্ষেত্রেও ভুল তথ্য দেখিয়েছে।