স্পোর্টস রিপোর্টার
আইসিসি টি-২০ বিশ্বকাপের পরপরই নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিনটি টি-২০র পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে পাকিস্তান।
হোম সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা প্রস্তুতির সুযোগ পাচ্ছেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। অক্টোবরের মাঝামাঝি শুরু হবে দেশের প্রধান প্রথম শ্রেণির প্রতিযোগিতা এনসিএল। অধিনায়ক মুমিনুল হকসহ টেস্ট দলের ক্রিকেটাররা খেলবেন এনসিএলে। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, এনসিএলে পর্যাপ্ত প্রস্তুতি হবে মুমিনুল-সাদমানদের।
অতীত অভিজ্ঞতা সুখকর না হলেও এবার সাদা পোশাকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় বাংলাদেশ। সিরিজে ভালো একটা শুরু চান হাবিবুল বাশার এবং অতীতের পুনরাবৃত্তি চান না তিনি। কারণ গত বছরও পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরে এসেছিল মুমিনুল বাহিনী। এনসিএলের মাধ্যমে পাকিস্তান সিরিজের পূর্ণ প্রস্তুতি হবে জানিয়ে গতকাল হাবিবুল বাশার বলেছেন, ‘বিশ্বকাপের পরপরই আমাদের কিছু টেস্ট ম্যাচ আছে। এটা কিন্তু খেলোয়াড়দের তৈরি করার জন্যে ভালো একটি সুযোগ। আমরা খুব একটা টেস্ট খেলার সুযোগ পাইনি। অনুশীলন ম্যাচ আর প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে। পাকিস্তান সিরিজের আগের এনসিএলের মাধ্যমে পর্যাপ্ত প্রস্তুতি হবে বলে মনে করি।’
ঘরের মাঠে ২০১৫ সালে সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবার খুলনায় তামিম-ইমরুলের রেকর্ড জুটিতে প্রথম টেস্ট ড্র করেছিল মুশফিকুর রহিমের দল। তবে ঢাকায় জিতেছিল মিসবাহ উল হকের দল। ছয় বছর দেশের মাটিতে আরো প্রতিদ্বন্দ্বিতা চান হাবিবুল বাশার।
জাতীয় দলের এ নির্বাচক গতকাল বলেছেন, ‘আমি আশা করছি যে এবার আমরা ভালো শুরু করতে পারি। শুরুটা খুব গুরুত্বপূর্ণ। গতবার আমরা যখন শুরু করেছি, তখন আমরা ভালো করতে পারিনি। তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে একটু বেগ পেতেই হবে। আমরা গতবার যা করেছি সেটার পুনরাবৃত্তি চাই না। ভালোভাবে শুরু করতে চাই। এবার আমরা দেশের মাটিতে খেলতে পারছি। যদিও পাকিস্তান খুব ভালো দল টেস্টে। আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময়।’ঢাকায় এসে আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে তিনটি টি-২০ খেলবে পাকিস্তান। ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। পরে ৪-৮ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। আগামী ১৫ অক্টোবর শুরু হবে এনসিএল। ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিবেন অক্টোবরের শুরুতে। এখন নিজেদের মতো করে অনুশীলন ও ফিটনেসের কাজ করছেন সবাই। খেলা হবে সিলেট ও কক্সবাজারে। প্রতিটি দলে থাকবেন ১৬ ক্রিকেটার।
