ইত্তেফাক রিপোর্ট
শিল্পকলা একাডেমির ২৪তম জাতীয় চারুকলা প্রর্দশনী ২০২১-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। এ বছর চারুকলা প্রদর্শনীর প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। সব মাধ্যম মিলিয়ে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২১’ নামে একটি শ্রেষ্ঠ পুরস্কারও দেওয়া হয়। সব মাধ্যম মিলিয়ে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন শিল্পী মোহাম্মদ হাসানুর রহমান। এ ছাড়া স্থাপনাশিল্প, চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃিশল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, পারফরমেন্স আর্ট এবং নিউ মিডিয়া আর্টে যথাক্রমে মো. ইমতিয়াজ ইসলাম, রুহুল করিম রুমী, আনিসুজ্জামান, কনক কুমার পাঠক, সুশান্ত কুমার অধিকারী, সামিয়া আফরিন, মো. রবিউল ইসলাম, আল মঞ্জুর এলাহী, মো. আল ইয়াছা ইরফান উদ্দিন, ইফাত রেজোয়ানা রিয়া এবং জিহান করিম শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন।
আয়োজনে পুরস্কার হিসেবে মাধ্যমভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য ১ লাখ টাকা এবং সব মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য ২ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া একটি মেডেল, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেটও দেওয়া হয় বিজয়ীদের।
আয়োজনে পাঁচটি সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়েছে, যার প্রতিটির মূল্যমান ৫০ হাজার টাকা। চিত্রকলায় বেঙ্গল ফাউন্ডেশন সম্মাননা পুরস্কার পেয়েছেন অভিজিত্ চৌধুরী, চিত্রকলায় কালিদাস কর্মকার সম্মাননা পুরস্কার পেয়েছেন রাসেল কান্তি দাশ, ভাস্কর্য ভাষাশহিদ গাজীউল হক সম্মাননা পুরস্কার পেয়েছেন মো. তানভীর আহমেদ জয়, স্থাপনা শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সম্মাননা পুরস্কার পেয়েছেন প্রমথেশ দাস পুলক এবং ছাপচিত্রে কাজী আনোয়ার হোসেন সম্মাননা পুরস্কার পেয়েছেন কামরুজ্জামান।
