অগ্রিম বুকিংয়ে সাশ্রয়ী মূল্য
ইত্তেফাক রিপোর্ট
বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তার সৃষ্টিতে সমৃদ্ধ হয়নি। সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য ৩৫ খণ্ডে প্রকাশ করতে যাচ্ছে ‘সৈয়দ শামসুল হক রচনাসমগ্র’। এতে স্থান পাবে সৈয়দ শামসুল হকের প্রকাশিত, অপ্রকাশিত, অগ্রন্থিত সমুদয় রচনার সংকলন। আগামী ২৭ ডিসেম্বর সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মবার্ষিকীতে প্রকাশ করা হবে এ সমগ্রটি। এই রচনাসমগ্রের বিশেষ আকর্ষণ সৈয়দ হকের মর্মানুবাদে পবিত্র কোরআনের নির্বাচিত অংশের বাংলা ভাষ্য, তার রচিত চলচ্চিত্রের চিত্রনাট্য, তার লেখা বিখ্যাত গান, তার ইংরেজি রচনা এবং তার অঙ্কিত চিত্রকর্মের প্রতিলিপি।
রচনাসমগ্রের মূল্য নির্ধারিত হয়েছে ‘নিয়মিত সংস্করণ’ ৩০ হাজার টাকা এবং ‘রেক্সিন বাঁধাই’ ৩৩ হাজার ৫০০ টাকা। ঐতিহ্য পাঠকদের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে অগ্রিম বুকিং কার্যক্রমের আওতায় নিয়মিত সংস্করণ মাত্র ১১ হাজার ৭০০ টাকায় আর রেক্সিন সংস্করণ মাত্র ১৩ হাজার ৫০০ টাকায় দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে নিয়মিত সংস্করণের জন্য ৩ হাজার ৯০০ টাকা আর রেক্সিন সংস্করণের জন্য ৪ হাজার ৫০০ টাকা অগ্রিম দিলে বুকিং নিশ্চিত করতে হবে। দ্বিতীয় কিস্তি ১০ নভেম্বর, এবং তৃতীয় কিস্তি ২৭ ডিসেম্বরের মধ্যে মিলবে রচনাসমগ্র।
