আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিএনপির সিরিজ বৈঠককে ‘ষড়যন্ত্র বৈঠক’ অভিহিত করে বলেছেন, জ্বালাও-পোড়াও করার ইচ্ছা মনে হয় আপনাদের আছে। সেই দুরভিসন্ধি নিয়ে এগিয়ে যাচ্ছেন। আবার যদি কোনো সহিংসতার রাস্তা নেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, শেখ হাসিনার অর্জনকে খাটো করতে চান তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। গতকাল রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আগামীকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘মানবতার আলোকবর্তিকা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভা ও দুস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান বিতরণের এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কোনো অর্জন নেই’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আমার অবাক লাগে যখন মির্জা ফখরুল সাহেব বলেন এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনের প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সুনাম-মর্যাদাকে শেখ হাসিনা নতুন মাত্রায় উন্নীত করেছেন এবারের বিশ্বসভায়।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ভ্যাকসিন ক্রাইসিস নিয়ে কথা বলেছেন, ভ্যাকসিন বৈষম্য নিয়ে কথা বলেছেন। সারা দুনিয়া মুগ্ধ হয়ে তার বক্তব্য শুনেছেন। প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য ভ্যাকসিনের সমান সুযোগ করতে হবে। ফখরুল সাহেব এটা কি আপনি শুনতে পাননি? নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি পড়েননি? নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক বহুল প্রচারিত পত্রিকাটি যে মন্তব্য করেছে তা কি দেখেন নাই? নিউ ইয়র্ক টাইমস আমেরিকার প্রেসিডেন্টকে বলেছে, দারিদ্র্যের ব্যাপারে কি করবেন? বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার দিকে তাকান। দারিদ্র্য বিমোচন কীভাবে করতে হয় শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, তার থেকে শিক্ষা নিন। মির্জা ফখরুল আপনাকে বলছি, নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটি পড়ুন। এই মন্তব্যটি পড়ুন। সারা দুনিয়া কি বলছে বলে তা শুনুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে জলবায়ু সংকট মোকাবিলা, রোহিঙ্গা সংকট সমাধানে সাহসী উচ্চারণ করেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতিসংঘে প্রধানমন্ত্রীর এই সফর শেখ হাসিনাকে ও বাংলাদেশকে আরো এক ধাপ উঁচুতে নিয়ে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভূমিকা, তার সাহসিকতা, তার মানবিকতা, তার দূরদর্শিতার যে প্রশংসা হয়েছে সেই প্রশংসার ফলে বাংলাদেশ এক ধাপ উঁচুতে উঠেছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, নিজের জীবনের মায়া ত্যাগ করে আলোকবর্তিকা হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে পথ দেখাচ্ছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, পেছন দরজা দিয়ে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের সেই স্বপ্ন দিবাস্বপ্নে পরিণত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি বিএনপি সহ্য করতে পারে না।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ। সভায় উপ-কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন
