ময়মনসিংহে ট্রেনে ডাকাতির সময় দুই জনকে খুনের ঘটনায় গ্রেফতার ৫

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেছে র?্যাব-১৪। চলন্ত ট্রেনের ছাদে ডাকাতি করার সময় বাধা দিলে ডাকাতেরা দুজনকে কুপিয়ে খুন করে বলে জানিয়েছে র্যাব।

গ্রেফতারকৃতরা হলো :নগরীর শিকারীকান্দা এলাকার আশরাফুল ইসলাম স্বাধীন (২৬), বাঘমারা এলাকার মঞ্জু মিয়ার ছেলে মাকসুদুল হক রিশাদ (২৮), সাব্বির খানের ছেলে হাসান (২২), মৃত আশরাফ আলীর ছেলে রুবেল মিয়া (৩১) ও সাব্বির খানের ছেলে মোহাম্মদ (২৫)।

গতকাল রবিবার দুপুরের দিকে র?্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে র?্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. হান্নানুল ইসলাম বলেন, ডাকাতিতে জড়িত সন্দেহে প্রথমে আশরাফুল ইসলাম স্বাধীনকে নগরীর শিকারীকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপর চার জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার ডাকাতির উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশন থেকে চার পেশাদার ডাকাত দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ওঠে। পরে রিশাদ, হাসান ও স্বাধীন টঙ্গী স্টেশন থেকে তাদের সঙ্গে যুক্ত হয়। ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশনে থামলে তাদের সঙ্গে যোগ দেয় মোহাম্মদ ও তার একজন সহযোগী। ট্রেন স্টেশন ছেড়ে চলতে শুরু করলে তারা ইঞ্জিনের পরের বগির ছাদে বসে থাকা যাত্রীদের মানিব্যাগ ও মোবাইল ফোন নেওয়া শুরু করে। ডাকাতির একপর্যায়ে সাগর মিয়া ও নাহিদ ডাকাতদের বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ডাকাতেরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়েই মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। সাগর ও নাহিদ ট্রেনের ছাদে লুটিয়ে পড়েন। ডাকতেরা ময়মনসিংহ রেলস্টেশনে ঢোকার আগে সিগন্যালে ট্রেনের গতি কমলে ট্রেন থেকে নেমে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, এদের এই চক্র দীর্ঘদিন ধরে ঢাকার কমলাপুর, এয়ারপোর্ট ও টঙ্গী রেলস্টেশন থেকে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠত। তাদের কিছু সহযোগী গফরগাঁও ফাতেমানগর স্টেশন থেকে ট্রেনে উঠে সম্মিলিতভাবে ডাকাতি ও ছিনতাই করে ময়মনসিংহ স্টেশনে নেমে যেত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় গত শুক্রবার রাত ১২টার দিকে ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ জিআরপি থানায় অজ্ঞাত ৮-১০ জনকে  আসামি করে মামলা করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে কয়েক জন ডাকাত ওঠে। এ সময় ছাদে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ডাকাতেরা দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

নিহত নাহিদ মিয়া (৪০) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে কাজ করতেন। সাগর মিয়া (২৫) একই জেলার পৌর শহরের বাগেরহাটা এলাকার রুবেল মিয়ার ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন।