বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশে রাজনীতি ও রাজনীতিক থাকবে না --------- জি এম কাদের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৬

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে যা চলছে, সংবিধান অনুযায়ী সেটা গণতন্ত্রই না। বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে চলছে বিরাজনীতিকরণ। বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশের মানুষ রাজনীতির বাইরে চলে যাবে, দেশে আর রাজনীতি ও রাজনীতিবিদ থাকবে না। জাপায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত নেতারা গতকাল রবিবার জাপা চেয়ারম্যানকে তার বনানীর কার্যালয়ে শুভেচ্ছা জানাতে গেলে তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, বিরাজনীতিকরণ থেকে মুক্তি পেতে আইনের মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে হবে। সংবিধান অনুযায়ী সব ক্ষমতা দিয়ে ইসিকে শক্তিশালী করতে হবে। নির্বাহী বিভাগসহ সব বিভাগ নির্বাচনকালীন ইসির অধীনে কাজ করলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করবে। জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, উপদেষ্টামণ্ডলির সদস্য নাজনীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।