ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টা কর্মবিরতি প্রত্যাহার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

১০ দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার  মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সমন্বয় পরিষদ আহ্বায়ক মো. রুস্তম আলী খান। তিনি বলেন, দীর্ঘ সময়ের বৈঠকে আমরা সন্তুষ্ট হয়ে আমাদের কর্মবিরতী প্রত্যাহার করলাম। গতকাল রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের এক দফা বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্ত জানান। এর আগে বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের আরেক দফা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মো. রুস্তম আলী খান, সদস্যসচিব মো. তাজুল ইসলামসহ ৩০ জন নেতা।

দাবিগুলো হচ্ছে—লিটন ও আবু তালেব প্রামাণিকসহ সব পরিবহন শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা প্রত্যাহার করতে হবে, তদন্ত না করে এই ধারায় মামলা করা যাবে না, জটিলতা নিরসন করে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, পণ্য পরিবহনের সময় মালামাল চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ জরুরি কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রভৃতি। উল্লেখ্য, ১০ দফা দাবিতে আজ ও আগামীকাল (২৭ ও ২৮ সেপ্টেম্বর ) পণ্য পরিবহনে কর্মবিরতি পালনের কর্মসূচি ছিল।