পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম প্রধান বলেছেন, আমাদের অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। কৃষি, শিক্ষা ও গবেষণাকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের রয়েছে সময়োপযোগী, বাস্তবসম্মত ও সুপরিকল্পিত অর্থনৈতিক পরিকল্পনা। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এখন বাজেট বরাদ্দ কোনো সমস্যা নয়, বাস্তবায়নে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে দেশ অচিরেই সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হবে। তিনি রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদি গবেষণা পর্যালোচনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম, সহযোগী পরিচালক (গবেষণা) প্রফেসর ড. টোটন কুমার ঘোষ প্রমুখ।
দুই দিনের এ কর্মশালায় (২০১৭-২০২০) তিন বছর মেয়াদে বাস্তবায়িত মোট ৩৮টি দীর্ঘমেয়াদী প্রকল্পের গবেষণালব্ধ ফলাফল ছয়টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে উপস্থাপিত হবে। কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিতীশ চন্দ্র দেবনাথসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও আমন্ত্রিত কৃষি বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন।
