চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:২০

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ২১ জনের মৃত্যু হয়েছে। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ১৭ জনের প্রাণহানির কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে টানা দুই দিন করোনা শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে। গতকাল নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৮০ জন, যা শনিবার ছিল ৮১৮।

সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত মোট মারা গেলেন ২৭ হাজার ৪১৪ জন। মোট রোগী শনাক্ত হলেন ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। এক দিনে করোনায় রোগী শনাক্তের হার নেমে এসেছে ৪ দশমিক ৪১ শতাংশে। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৭৭৫টি আর পরীক্ষা হয়েছে ২২ হাজার ২২১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭০ লাখ ৯১ হাজার ৮৭৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ২৭ হাজার ২৭৭টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ সাত জন আর নারী ১৪ জন। অর্থাত্ পুরুষের চেয়ে নারী মৃত্যু দ্বিগুণ। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬০৫ জন আর নারী ৯ হাজার ৮০৯ জন।