তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের পূর্বে বিএনপি নেতারা ডান বাম মধ্যপন্থিদের নিয়ে ঐক্যের কথা বলেছেন। ঐক্য করেছেনও। কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বর্তমানেও বিএনপি নেতারা বিভিন্ন প্রকার ঐক্যের কথা বলছেন। প্রকৃতপক্ষে তাদের ঐক্যের মধ্যে প্রচণ্ড অনৈক্য বিরাজমান। কাগুজে ঐক্য হলেও তা দেশ ও জনগণের কোনো কাজে আসবে না। বিএনপি নেতাদের বক্তব্য এখন জনগণের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। বিএনপির খালি কলসি এখন বেশি বাজছে। তিনি গতকাল রবিবার রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্বে প্রশংসিত। জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে জাতিসংঘের অধিবেশনে নিয়ে গেছেন। করোনা মহামারি মোকাবিলায় সফল হওয়া এবং করোনার মধ্যে আর্থিক সব সূচক ঊর্ধ্বমুখী রাখার অবিশ্বাস্য গল্প বিশ্ববাসী শুনতে চায়। তারা প্রধানমন্ত্রীকে অনুকরণ ও অনুসরণ করতে চায়।
তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। তারাই দলের মূল শক্তি। কাজেই তাদের মতামতের ভিত্তিতে দল পরিচালিত হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অপশক্তি থেকে সতর্ক থাকতে হবে। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ প্রভৃতি অঙ্গসংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌর মেয়র শাহাজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য ইফতেখার হোসেন বাবুল, কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আকতার হোসেন খান, আবুল কাশেম চিশতিসহ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
