পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বদলে ফেলছে তালেবান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৬

আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পরিবর্তন করছে তালেবান। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে লেখা হবে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’। তালেবানের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ একথা জানিয়েছেন। উল্লেখ্য, গত মাসে কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। দেশটির নতুন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের আগের সরকারের দেওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট এখনই অবৈধ করা হচ্ছে না। কারণ এখনো দেশটির পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিভাগ বন্ধ আছে।

যুক্তরাষ্ট্রের নিন্দা : এদিকে, আফগানিস্তানে শরিয়াহ আইনের বাস্তবায়ন নিয়ে তালেবানের সাম্প্রতিক বক্তৃতা-বিবৃতির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র্র। এই আইনের মধ্যে অপরাধের অভিযোগে অঙ্গ কর্তন ও শিরোশ্ছেদে মৃত্যুদন্ড কার্যকরের বিধান রয়েছে। মার্কিন পররাষ্ট্র্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এই আইন মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।