প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর হামলায় জড়িত সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারিকুজ্জামান ওরফে কনককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম রাজধানীর মিরপুর একশ ফিট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০২ সালে বিরোধীদলীয় নেত্রী থাকার সময় সাতক্ষীরা জেলায় সমাবেশ করতে গিয়েছিলেন। সমাবেশ করে কলারোয়া থানা হয়ে ঢাকায় ফেরার পথে তুলশীডাঙ্গায় তার গাড়িবহরে হামলা চালানো হয়। তারিকুজ্জামান হামলার দিন সকাল সাড়ে ৯টায় কলারোয়া থানা বিএনপির অফিসে নেতাকর্মীর সঙ্গে বৈঠক করেন। তখন তিনি জানতে পারেন শেখ হাসিনা কলারোয়া থানার তুলশীডাঙ্গা হয়ে ঢাকা যাবেন। এ খবর পেয়ে নেতাকর্মীদের সঙ্গে তুলশীডাঙ্গায় যান। একটি যাত্রীবাহী বাস রাস্তার মধ্যে দাঁড় করিয়ে কৃত্তিম যানজটের সৃষ্টি করা হয়। পরে পুলিশ বাসটি সরিয়ে ফেললে যান চলাচল শুরু হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর চলে আসে এবং যানজটে পড়ে। এ সময় গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। ঐ মামলায় অন্য আসামির সঙ্গে তারিকুজ্জামানকেও সাজা দেয় আদালত। এরপর থেকে তারিকুজ্জামান পলাতক ছিলেন।
