বগুড়ার নন্দীগ্রামে স্ত্রী ও সৎ ছেলের লাঠির আঘাতে নিহত হওয়া আরব আলীকে হত্যার দায়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নন্দীগ্রাম থানায় নিহতের পিতা মোবারক আলী বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় আরব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩২), সৎ ছেলে মহিদুল ইসলাম মধু (১৫), শ্বাশুড়ি জরিনা বেওয়া (৫৫) ও বিজরুল হাটপাড়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে আমিরুল ইসলামকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাটপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে আরব আলী (৩৫) একই গ্রামের জয়নাল আবেদীনের তালাকপ্রাপ্ত স্ত্রী মর্জিনা খাতুনকে (৩২) বিয়ে করে সংসার শুরু করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে মর্জিনা খাতুন আরব আলীকে তালাক দেয়। তবে আরব আলী তালাকনামা হাতে না পাওয়ায় মর্জিনা খাতুনকে স্ত্রী হিসেবে দাবি করেন।
এ নিয়ে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। তখন মর্জিনা খাতুন ও তার ছেলে মহিদুল ইসলাম মধু লাঠি দিয়ে আরব আলীকে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় চার বছরের শিশুর মৃত্যু
এ বিষয়ে সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু
