রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাটে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে গতিয়াশাম কমিউনিটি ক্লিনিক, নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ সহস্রাধিক ঘরবাড়ি। গত দেড় মাসের ভাঙনে বাস্তুহারা হয়েছে প্রায় দেড় হাজার পরিবার। সরেজমিনে দেখা যায়, উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গতিয়াশম গ্রামে অবস্থিত গতিয়াশম কমিউনিটি ক্লিনিক। বর্তমানে ক্লিনিকটি নদী থেকে ৫০-৬০ মিটার দূরে রয়েছে। তিস্তার ভাঙন অব্যাহত থাকায় যে কোনো মুহূর্তেই ক্লিনিকটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।
গতিয়াশম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আলতাব হোসেন বলেন, ক্লিনিকটির মাধ্যমে এই এলাকার ১০ হাজার মানুষ চিকিত্সাসেবা পেয়ে থাকেন। সরকারি ওষুধসহ সরঞ্জামাদি রয়েছে। কিন্তু ভবনটি না থাকলে ভোগান্তিতে পড়বে সবাই। তিনি জানান, এই এলাকার মানুষের সহযোগিতায় নদীতে বাঁশ দিয়ে বেড়িবাঁধ তৈরি করে ভাঙন রোধে চেষ্টা চালানো হচ্ছে।
ক্লিনিকের জন্য জমিদাতা হাদিউজ্জামান আনসারি জানান, ভাঙন রোধে স্থানীয় লোকজনের সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে আমরা এরই মধ্যে দুটি বেড়িবাঁধ নির্মাণ করেছি। কিন্তু দ্রুত সময়ের মধ্যে যদি পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ক্লিনিকটি রক্ষা করা যাবে না। রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মুহাম্মদ আশাদুজ্জামান জুয়েল বলেন, আমি ক্লিনিকটি সরেজমিনে পরিদর্শন করেছি এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি। আশা করি উনারা দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
