সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুরে আড়িয়াল খাঁ নদে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর লোকমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার শিরাইল ইউনিয়নের চর কাকর নতুন বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় শিবচর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানায়, আসন্ন ইউপি নির্বাচনের গণসংযোগকে কেন্দ্র করে গত শনিবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মজিবর মাতুব্বর ও রোকন মোল্যার সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে লোকমান নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করে শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, নিহত লোকমান মাতুব্বর চর নাছিরপুর ইউনিয়নের লতিফ মাতুব্বরের ছেলে।
