স্পোর্টস ডেস্ক
হুট করেই বলা যায়। আগে থেকে কোনো ইঙ্গিতও দিয়ে রাখেনি। আইপিএল খেলার মাঝপথেই টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
গতকাল ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট অসাধারণ। যখন একটা দিন ভালো যাবে তখন অন্য যেকোনো ফরম্যাটের থেকে বেশি ভালো লাগে, বেশি তৃপ্তিদায়ক এবং মনে হয় আসলেই কিছু উপার্জন করেছি। টেস্ট ক্রিকেট উপভোগ করেছি। তবে এর গভীরতা মাঝেমধ্যে অনেক বেশি হতে পারে এবং আমার মনে হয়েছে যথেষ্ট করেছি। যেভাবে করেছি তাতে আমি সন্তুষ্ট।’
মূলত অলরাউন্ডার হলেও প্রায় সময়ই ইংল্যান্ডের মূল স্পিনার হিসেবে খেলেছেন মঈন। ২০১৪ সালে সাদা পোশাকে অভিষেক হয় তার। ৬৪ টেস্টে ২৯১৪ রান ও ১৯৫ উইকেট নিয়েছেন তিনি।
