ব্যাংকে টাকা না জমিয়ে আঞ্চলিক ক্রিকেট উন্নয়নের পক্ষে দুর্জয়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮

বিসিবির কোষাগারে ৯০০ কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার

দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের চেষ্টা চলছে গত ২০ বছর ধরে। আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কথা বারবারই বলেছেন সংগঠকরা। কিন্তু বাস্তবে রূপ পায়নি এ প্রয়াস। গত দুই মেয়াদে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবির ক্ষমতাসীনরা। পরীক্ষামূলকভাবে সিলেটে চালু হলেও সেটির কার্যক্রম পূর্ণতা পায়নি। সর্বশেষ এজিএমেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দ্রুতই আঞ্চলিক ক্রিকেট সংস্থার রূপরেখা চূড়ান্ত হবে।

বিসিবির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের দাবি জোরালো হয়েছে। গতকাল মানিকগঞ্জের কাউন্সিলর, সাবেক অধিনায়ক, পরিচালক প্রার্থী নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ব্যাংকে টাকা না জমিয়ে আঞ্চলিক ক্রিকেট গঠনে মনোযোগী হওয়া উচিত বিসিবির। তৃণমূলের ক্রিকেট উন্নয়নে আরো শক্ত ভূমিকা চান তিনি।

গত এক দশকে বিসিবির কোষাগার ক্রমেই সমৃদ্ধ হয়েছে। বিসিবি সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী এখন বিসিবির ৯০০ কোটি টাকার এফডিআর রয়েছে। কিন্তু তারপরও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেটের কাঠামো তৈরিতে সত্যিকারের মনোযোগ দেয়নি বিসিবি।

গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন সম্পর্কে দুর্জয়  বলেছেন, ‘চট্টগ্রাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম এবং সিলেট থেকে কাজ হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে একটা সময় ছিল যখন বোর্ডের সংকীর্ণতা ছিল, সীমাবদ্ধতা ছিল। সেইগুলো কিন্তু এখন নাই। আমরা যদি শুধু মনে করি টাকা জমিয়ে রাখা, এফডিআর করা, এই বিষয়গুলো থেকে বেরিয়ে এসে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে, একাডেমির উন্নয়নে আরো বেশি ব্যয় করা উচিত।’

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর শফিউল আলম চৌধুরী নাদেলও সুর মিলিয়েছেন দুর্জয়ের সঙ্গে। নাদেল বলেছেন, নতুন নির্বাচিত বোর্ডের উচিত হবে অগ্রাধিকার ভিত্তিতে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কাজ সম্পন্ন করা।

গতকাল নাদেলও মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় সিলেট থেকে নাদেল আবারও বিসিবির পরিচালক হচ্ছেন। নাদেল বলেছেন, ‘আঞ্চলিক ক্রিকেট সংস্থা আমাদের কাছে একটা সোনার হরিণ। আমরা যারা বিভিন্ন বিভাগ থেকে আসি। আমার প্রত্যাশা থাকবে, আমরা চেষ্টা করব যাতে দ্রুততম সময়ের মধ্যে একটা ইজিএম (অতিরিক্ত সাধারণ সভা) করে আমরা আঞ্চলিক ক্রিকেট সংস্থা চালু করতে পারি। গত বোর্ড সভায়ও আমাদের এটা নিয়ে অনেক কথা হয়েছে। নতুন যে বোর্ড হবে তাদের প্রথম কাজ হবে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন।’