জার্মানির সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। দলটি সরকার গঠনের জন্য জোট গড়ার প্রক্রিয়া শুরু করছে। ২০০৫ সাল থেকে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা অ্যাঙ্গেলা মার্কেলের দলকে খুব সামান্য ব্যবধানে হারিয়েছে এসপিডি। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মধ্য-বামপন্থি দল এসপিডি মোট ভোটের ২৫ দশমিক ৭ শতাংশ পেয়েছে। এতে ২০৬ আসন নিশ্চিত হয়। মার্কেলের রক্ষণশীল জোট সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ ভোট। আসন পেয়েছে ১৯৬টি। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টি ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ১১৮ আসন করায়ত্ত করেছে এবং লিবারেল ফ্রি ডেমোক্রেটিক পার্টির (এফডিপি) পেয়েছে ১১ দশমিক ৫ শতাংশ ভোট। তারা আসন পেয়েছে ৯২টি।
চূড়ান্ত ফলাফলে যে দলই এগিয়ে থাক, সরকার গড়তে তাদের জোট গড়তে হবে। ফলে নতুন চ্যান্সেলর কে হবেন, তা জানতেও অপেক্ষায় থাকতে হবে। জোট গঠনের আলোচনায় মার্কেল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে গ্রিন পার্টি এবং এফডিপির সঙ্গে এসপিডির জোট গড়ার সম্ভাবনা রয়েছে। যদিও দল দুটি রক্ষণশীলদের সঙ্গে যোগ দিতে পারে বলেও আভাস রয়েছে। এসপিডির প্রার্থী ওলাফ শলত্সকে পরবর্তী চ্যান্সেলর করার চেষ্টা করা হবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক লার্স ক্লিংবেইল এআরডি টেলিভিশনকে বলেছেন, ‘এসপিডি প্রথম স্থানে রয়েছে। নির্বাচনে আমরা জিতেছি।’
আর সরকার গঠনের জন্য গ্রিন পার্টি এবং এফডিপির সঙ্গে আলোচনা হবে জানিয়ে এসডিপি নেতারা পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সোমবার বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। ৬৩ বছর বয়সি ওলাফ শলত্স জোট গঠনে সফল হলে যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি হতে পারেন এসপিডির চতুর্থ চ্যান্সেলর। মার্কেলের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা শলত্স একসময় হামবুর্গের মেয়র ছিলেন।
প্রথম নারী মেয়র পাচ্ছে বার্লিন : এদিকে, জার্মানির রাজধানী বার্লিনে প্রথমবারের মতো মেয়র হতে চলেছেন একজন নারী। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) প্রার্থী। নাম ফ্রান্সিসকা গিফাই। জার্মানির নির্বাচনে এসপিডির এখন সরকার গড়ার সবচেয়ে বড় সম্ভাবনা তৈরি হয়েছে। এসপিডির ৪৩ বছর বয়সি প্রার্থী গিফাই এর আগে মার্কেলের জোট সরকারের অধীনে পরিবারবিষয়ক মন্ত্রী ছিলেন। বার্লিনে এতদিন মেয়রের দায়িত্বে থাকা এসপিডির মাইকেল মুলার এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন গিফাই।
