চট্টগ্রামে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

নগরীর খুলশী থানার জালালাবাদ এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মো. নেজাম পাশা (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে  হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ী মো. নেজাম পাশাকে হত্যা করা হয়েছে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের কেউ এখনো গ্রেফতার হয়নি। 

পুলিশের আরেকটি সূত্রে জানা গেছে, জালালাবাদ এলাকার ভিআইপি রোডের পাশে পাঁচতলা নির্মাণাধীন ভবনের নিচতলায় ব্যবসায়ী মো. নেজাম পাশার মৃতদেহ পাওয়া যায়। গত রবিবার ভবনের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য নেজাম পাশা সেখানে গিয়েছিলেন।