কবি ও সাহিত্যিক দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সম্পাদনা সহকারী নূরুল ইসলাম বরিন্দী (৭৩) আর নেই। তিনি সোমবার ভোর ৫টার দিকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার সকালে রাজধানী ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি মৃত আব্দুল গফুর মুন্সীর ছেলে এবং মিঠাপুকুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা শামীম আখতারের বড় চাচা। নূরুল ইসলাম বরিন্দীর মৃত্যুতে মিঠাপুকুর প্রেসক্লাবের সব সদস্যসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন। নূরুল ইসলাম বরিন্দীর লেখা প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘নোবেল বিজয়ীদের সেরা গল্প, নানা দেশের রূপকথা, গল্প শোনো বিজ্ঞানের’ উল্লেখযোগ্য।
ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক
নূরুল ইসলাম বরিন্দীর মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহাম্মদ, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আমজাদ মারুফ, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
