প্রথিতযশা লেখক, সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি গত শনিবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হলেও গতকাল সোমবার রাত পর্যন্ত তার অবস্থার কিছুটা উন্নতি ঘটায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। নিউমোনিয়া ছাড়াও তিনি ডায়াবেটিস ও বিভিন্ন বয়োজনিত রোগে ভুগছেন।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের লেখক কিংবদন্তি সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী ৮৭ বছর বয়সেও বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রতি সপ্তাহে নিয়মিত কলাম লেখেন। এই অশীতিপর বয়সেও প্রখর স্মৃতিশক্তি ও ধীশক্তির স্বাক্ষর পাওয়া যায় তার এসব কলামে। ইত্তেফাকে তিনি প্রতি রবিবার নিয়মিত কলাম লেখেন। ‘স্বাধীন দেশে রিমান্ড চলতে পারে না’ শিরোনামে সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর ইত্তেফাকে তার কলাম ছাপা হয়েছে।
১৯৩৪ সালে বরিশালে জন্ম নেওয়া গাফ্ফার চৌধুরী ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পাশ করে ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মুখপত্র ‘জয়বাংলা’য় কাজ করেন গাফ্ফার চৌধুরী। ১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিত্সার জন্য যুক্তরাজ্যে যান। এরপর সেখানেই তিনি স্থায়ী হন।
