অরবরই

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

 

অরবরই আমাদের দেশের অতি পরিচিত একটি ফল। ক্ষুদ্রাকৃতি। প্রায় গোলাকার হলুদ বর্ণের বেরি জাতীয় ফল। ফলের গায়ে ৬ থেকে ৮টি রেখা থাকে।  ফলে বীজ থাকে ৪ থেকে ৬টি। সাদা এবং গোলাপি বর্ণের অরবরইও দেখতে পাওয়া যায়। বৈজ্ঞানিক নাম Phyllanthus acidus।

Phyllanthaceae পরিবারভুক্ত।

গুল্ম ও বৃক্ষের মাঝামাঝি এই উদ্ভিদটি ৬ থেকে ৩০ ফুট উঁচু হয়। উদ্ভিদটির শীর্ষ ঘন শাখা-প্রশাখায় বিভক্ত। পাতা ডিম্বাকার, সবুজ, সবৃন্তক এবং একান্তরভাবে সজ্জিত। পাতার নিম্নপৃষ্ঠা অনেকটা নীলাভ-সবুজ। পাতাবিহীন শীর্ষ শাখায় গোলাপি বর্ণের ফুল হয় এবং তা থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্রাকৃতির অরবরই জন্মে।

অরবরই টক হওয়ায় অনেকেরই অপছন্দ। তবে এর পুষ্টিমান ও ভেষজগুণের কারণে এটি মূল্যবান উদ্ভিদ হিসেবে স্বীকৃত। রক্ত পরিষ্কারক এবং লিভার টনিক হিসেবে অরবরই কাঁচা এবং শুকিয়ে খাওয়া হয়। ভারতীয় লোকজ চিকিত্সায় এটি বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে। অরবরইয়ের পাতার নির্যাস কফ-কাশি নিরাময়ে সহায়ক। অরবরই ফল ওজন হ্রাসে, অ্যাজমা প্রতিরোধে, কোষ্ঠকাঠিন্য সারাতে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আধুনিক গবেষণায় বিজ্ঞানীরা অরবরইয়ে এমন ধরনের বায়োফ্ল্যাভানয়েডস উপাদান পেয়েছেন, যা সিস্টিক-ফাইব্রয়েড রোগ নিরাময়ে সক্ষম।

বার্মিজরা ক্ষুধা বাড়াতে, বমিবমিভাব দূর করতে অরবরই খায়। অরবরইয়ে পর্যাপ্ত ভিটামিন ‘সি’, আয়রন, ক্যালসিয়াম থাকে যা রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও আছে প্রোটিন, আঁশ, থায়ামিন, রিবোফ্ল্যাভিন প্রভৃতি ভিটামিন এবং অন্যান্য মূল্যবান খনিজ যা স্বাস্থ্যকে সুরক্ষা দেয়। অরবরইয়ের কাঠও মূল্যবান—বেশ শক্ত ও মজবুত।