কুমিল্লার চান্দিনায় ঘর পোড়ানোর মামলায় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট ইফরানুল হক এই নির্দেশ দেন।
জামাল উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করছেন।
আদালত-সূত্র জানায়,২০১৭ সালে জামাল উদ্দিনের নেতৃত্বে তার অনুসারী নেতাকর্মীরা পানিপাড়া গ্রামের সুলতান মিয়া নামের এক ব্যক্তির ঘরে আগুন দেন। ওই ঘটনায় সুলতান মিয়ার স্ত্রী রাফিয়া বেগম বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা পিবিআই তদন্ত করে জামাল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন জানান, মঙ্গলবার সকালে জামাল উদ্দিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/ইত্তেফাক/এনই/
