>> মো. মিজানুর রহমান
ক্যালেন্ডারের পাতায় সময়টা ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর। সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়ে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা মো. নায়িফুর রহমানসহ মাত্র সাতজন সদস্য নিয়ে শুরু হয় স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা। শুরুর দিকে এই যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। কেননা, সদস্যদের প্রত্যেকেই দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষাথী। নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে শুরু হয় অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর প্রয়াস। সাতজন সদস্য নিয়ে শুরু হওয়া সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় দুই শতাধিক! কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শুরু হলেও বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনটি তার কার্যক্রম পরিচালনা করছে। করোনার তিক্ত বাস্তবতায় সমাজের খেটে-খাওয়া মানুষগুলো যখন পরিবারের দু’বেলা দু’মুঠো খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছিল ঠিক সেসময় তাদের দিকে সহায়তার হাত প্রসারিত করে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন। সংগঠনের নির্বাহী পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র মো. আইয়ুব আলীর মতে, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মাত্র এক বছরের ব্যবধানে আর্থিকভাবে বিপর্যস্ত ১২০টি পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও, কোমলমতি শিশুদের শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান, বিভিন্ন দুর্ঘটনায় আহতদের চিকিত্সা সহায়তা দান, গরিব ও অসহায়দের ঔষধ সামগ্রী প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাহে রমজানে ইফতার সামগ্রী প্রদান, ঈদ উপলক্ষে এতিমখানায় নতুন জামা বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদানসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছে তারা। সংগঠনটি মানুষ নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে স্বদেশ নিয়ে। এক্ষেত্রে প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নায়িফুর রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো।’
