জাতীয় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নটর ডেম কলেজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:১২

>> আরিফুল হাসান শুভ

 

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র চট্টগ্রাম শাখা আয়োজিত প্রথম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজধানীর নটর ডেম কলেজের বিতর্ক দল। দলের তিন সদস্যের মধ্যে ছিলেন আবিদ মাহমুদ, মো. আশিক আল আরাফাত নাঈম এবং মো. আনোয়ারুল ইসলাম অয়ন। শুরুতে নির্বাচিত ৪৮টি দল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। মোট ৬টি পর্বের প্রতিটাই ছিল নক-আউট। গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর এগিয়ে চলার পক্ষে প্রধান অন্তরায়’। নটর ডেম বিতর্ক দল বিষয়টির পক্ষে তাদের যুক্তি উপস্থাপন করে। তাদের বিপক্ষ দল ছিল ফৌজদারহাট ক্যাডেট কলেজ।

দৈনিক ইত্তেফাককে দেওয়া সাক্ষাত্কারে ওঠে এসেছে তাদের অনুভূতির কথা।

নটর ডেম ডিবেটিং ক্লাবকে বলা হয় ‘ফাদার অব ডিবেটিং’। ক্লাবটির অর্জনের বিশাল সমারোহে নিজের সামান্য কিছু অবদান যুক্ত করার ইচ্ছে ছিল আগে থেকেই। সেই ইচ্ছে পূরণ হওয়ায় ভীষণ আনন্দিত বলে জানান অয়ন। একই অনুভূতি প্রকাশ করেন অন্য বক্তা নাঈম। তবে দেশসেরা হলেও নিজেদের ভুলত্রুটি থেকে আরও শেখার সুযোগ রয়েছে বলে বিশ্বাস করেন দলনেতা আবিদ। নটর ডেম ডিবেটিং ক্লাবের সভাপতি শহিদুল হাসান পাঠান বলেন, ‘করোনা ভাইরাসের কারণে নটর ডেম ডিবেটিং ক্লাবের সাফল্যের যে ধারাবাহিকতা তাতে ছেদ পড়ে যায় একটা দীর্ঘ সময়ের জন্য। এই অর্জনের ফলে সেই ছন্দ আবার ফিরে এলো। বিতার্কিক ছাত্রদের সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে জাতীয় মঞ্চে অংশগ্রহণ করার মূল্যবান পরামর্শ দেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।