চন্দনাইশে জরাজীর্ণ ভূমি অফিস খসে পড়ছে প্লাস্টার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ছাদের প্লাস্টার খসে পড়ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অফিসটির কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা লোকজন। বহু বছরের এই সাতবাড়িয়া ভূমি অফিসটি মেরামত না করায় প্লাস্টার খসে পড়ার পাশাপাশি বৃষ্টি হলেই ছাদের পানি চুইয়ে পড়ে অফিসের আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অফিস ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে ছাদের প্লাস্টার খসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে অফিসের কাজকর্ম করে যাচ্ছি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। শিগিগর ভূমি অফিসটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।