সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই দুই/চার জন করে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু-কিশোর সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। অনেক শিশু-কিশোর আবার স্থানীয় পল্লি চিকিত্সকদের কাছে চিকিত্সা নিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় গত এক সপ্তাহের ব্যবধানে শতাধিক শিশু-কিশোর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি হয়েছে অন্তত ৩০ শিশু-কিশোর। বর্তমানেও ছয় শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সেলিম মোরশেদ বলেন, ঋতু পরিবর্তনের ফলে কখনো ঠাণ্ডা আবার কখনো গরম পড়ায় নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে এতে আশঙ্কার কিছু নেই। স্বাভাবিক চিকিত্সাসেবাতেই নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভালো হয়ে যায়।
