বিনোদন রিপোর্ট
নিয়মিত নাটক ও সিনেমা দিয়ে দুই বাংলার দর্শকহূদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। শুধু দর্শক নয়, কিছুদিন আগেই তার অভিনয়ের প্রশংসায় করেন কলকাতার অনেক প্রখ্যাত তারকা। তার সাবলীল অভিনয় বরাবরই মুগ্ধ করে সবাইকে। অভিনয় মুন্সিয়ানায় নিজের সফলতার ছাপ রাখছেন ওয়েব সিরিজেও। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। মুনতাহা বৃত্তা রচিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘ব্রোকার’ শিরোনামের এই সিরিজটিতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন অর্ষা, শহিদুল্লাহ সবুজ, মীর রাব্বি, সাথি মাহমুদ প্রমুখ। আগামী ১ অক্টোবর ওটিটি প্লাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাবে সিরিজটি। গল্পে দেখা যাবে, জামিল আর মনির ছিমছাম একটা সংসার। জামিল সবসময় নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে। অনেক কিছুই করার চেষ্টা করে সে জীবনে, কিন্তু কোনোকিছুই তার হয় না। সিডির দোকান, ব্যান্ড পার্টি, পেপার বিক্রি, কি না করেছে সে জীবনে। শেষ পর্যন্ত জামিল আর তার এক ছোট ভাই ফ্ল্যাট ভাড়া, বিক্রিসহ এ ধরনের নানা দালালির সঙ্গে জড়িয়ে পড়ে। এর মাঝে একটা অনৈতিক কাজে অফার আসে অর্থের। জামিল এখন নিজের মুখোমুখি। সন্তান নাকি নৈতিকতা বিসর্জন! কোন পথে যাবে জামিল?
