কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাঁচ মাস বয়সী ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিহত শিশুর বাবা এহেছান ও মা আয়েশা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হারবাং ইউনিয়নে স্বামী-স্ত্রীর কলহের জেরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, চরপাড়া গ্রামের এহেছান ও আয়েশা দম্পতির মধ্যে মঙ্গলবার ভোরে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী এহেছান আয়েশার বাড়ি থেকে পাঠানো সকল কিছু কেটে ফেলছিল। ওই সময় মাটির ঘরের ভেতরে অন্ধকার রুমে থাকা দোলনায়ও কোপ মারে এহেছান। কিন্তু সেই কোপ দোলনায় থাকা শিশু মামুনের মাথায় লাগে।
শিশু মামুনের চিৎকার শুনে বাবা বুঝতে পারে দোলনায় তার ছেলে ছিল। পরে স্ত্রী আয়েশাকে দিয়ে ছেলেকে চকরিয়া জমজম হাসপাতাল পাঠায় এহেছানের বাবা দেলোয়ার। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে হারবাং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানিক কুমার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইত্তেফাক/এমএএম/এসএ
